Views Bangladesh Logo

অভিবাসন হার কমানোর ঘোষণা কানাডার

 VB  Desk

ভিবি ডেস্ক

কোভিড অতিমারির পর শ্রম ঘাটতির কারণে বাড়তি অভিবাসী গ্রহণের যে পরিকল্পনা নিয়েছিল কানাডা, তা দেশটির বাসস্থান ও সামাজিক পরিষেবাগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আমরা অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছি। এ পদক্ষেপ নিচ্ছি কারণ অতিমারি থেকে পুনরুদ্ধারের পর জনসংখ্যা বৃদ্ধির ভারসাম্য ঠিক রাখতে গিয়ে আমরা কিছুটা অসামঞ্জতা তৈরি করেছি।’

এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা আগামী বছর অভিবাসনের সংখ্যা কমিয়ে আনছে। ২০২৫ সালে কানাডা ৩ লাখ ৯৫ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে, ২০২৬ সালে ৩ লাখ ৮০ হাজার এবং ২০২৭ সালে ৩ লাখ ৬৫ হাজার জনকে। যা ২০২৪ সালের ৪ লাখ ৮৫ হাজার জনের চেয়ে কম। এটি হবে কানাডার প্রথম মাল্টি-ইয়ার অভিবাসন লক্ষ্য কমানোর উদ্যোগ। ২০১৮ সালে মাল্টি-ইয়ার পরিকল্পনা চালু হওয়ার পর প্রথমবার এ উদ্যোগ নিতে দেখা গেছে দেশটিকে।

কানাডা অভিবাসন সংখ্যা কমানোর পাশাপাশি সাময়িক ভিসাধারীদের সংখ্যাও কমানোর পরিকল্পনা করছে, যাতে দেশের বাসস্থান ব্যবস্থায় ওপর চাপ হ্রাস পায়। এছাড়া আগামী কয়েক বছরে মেয়াদ শেষ হওয়া ভিসাধারীরা স্ব-প্রণোদিত হয়ে কানাডা ছেড়ে চলে যাবেন বলে দেশটির সরকার প্রত্যাশা করছে।

গবেষণায় দেখা যাচ্ছে, কানাডার বেশিরভাগ মানুষ বর্তমানে দেশটি অতিরিক্ত অভিবাসী গ্রহণ করছে বলে মনে করছেন। বিষয়টি জনমত বিরুদ্ধ হওয়ায় ফেডারেল লিবারেল সরকার আসন্ন নির্বাচনের আগে অভিবাসননীতি কঠোর করতে চাচ্ছে। নতুন পদক্ষেপটি ২০২৫ ও ২০২৬ সালে কানাডার জনসংখ্যার বৃদ্ধির হার ০.২ শতাংশ কমিয়ে আনবে এবং ২০২৭ সালে আবার তা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিএমও’র বিশ্লেষকরা বৃহস্পতিবার এক চিঠিতে জানান, এই পদক্ষেপ দেশের অর্থনীতি ও অবকাঠামোর ওপর কিছুটা চাপ কমাবে, যা সাম্প্রতিক বছরগুলিতে প্রায় অসহনীয় অবস্থায় পৌঁছে গিয়েছিল। সরকারের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে ২০২৭ সালের শেষ নাগাদ কানাডার বাসস্থান ঘাটতি প্রায় ৬ লাখ ৭০ হাজার ইউনিট হ্রাস পাবে।

তবে, কানাডার চেম্বার অব কমার্সের সিনিয়র ডিরেক্টর ডায়ানা পালমেরিন-ভেলাস্কো উদ্বেগ প্রকাশ করেছেন। তার ধারণা, এই পরিকল্পনার ফলে কানাডায় কর্মী সংকট বাড়তে পারে।

তিনি বলেন, ‘অভিবাসনের কারণেই হয়তো আমরা মন্দা থেকে রক্ষা পেয়েছি।’

এছাড়াও, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক বার্তা পাঠানোর জন্য অভিবাসনের গুরুত্বের ওপরও জোর দিয়েছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ