Views Bangladesh Logo

বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে বসনিয়ার মুখোমুখি হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ প্যারাগুয়ে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

উত্তর আমেরিকার মাটিতে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে দুই আয়োজক দেশ—কানাডা ও যুক্তরাষ্ট্র। দুই দলের সামনে রয়েছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ ও গল্প।

কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
বাংলাদেশ সময় রাত ১টায় টরন্টোর বিএমও ফিল্ডে মুখোমুখি হবে কানাডা ও বসনিয়া ও হার্জেগোভিনা। ফুটবল ইতিহাসে এই দুই দলের এটি প্রথম সাক্ষাৎ।

কানাডা এখনো বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি—১৯৮৬ ও ২০২২ আসরে অংশ নিয়েও জয়বিহীন ছিল দলটি। এবার ঘরের মাঠে সেই অপেক্ষা শেষ করার লক্ষ্য জেসি মার্শের দলের। ২০২৪ সালের কোপা আমেরিকায় সেমিফাইনাল পর্যন্ত গিয়ে ভালো ছন্দে ছিল কানাডা।

তবে বড় ধাক্কা হলো অধিনায়ক আলফনসো ডেভিসের ইনজুরির কারণে না থাকা। তার অনুপস্থিতিতে আক্রমণের দায়িত্ব থাকবে জনাথন ডেভিডের কাঁধে।

অন্যদিকে বসনিয়া দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলছে। ২০১৪ সালের পর এবার তারা আবার বিশ্বমঞ্চে ফিরেছে। প্লে-অফে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। দলে আছেন ৪০ বছর বয়সী কিংবদন্তি এদিন জেকো, যিনি এটিই তার শেষ বিশ্বকাপ বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে
বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে।

বিশ্বকাপে দুই দলের এটি মাত্র দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম দেখা হয়েছিল ১৯৩০ সালে—৯৬ বছর আগে, যেখানে যুক্তরাষ্ট্র ৩-০ গোলে জয় পেয়েছিল।

কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে প্রস্তুতি ম্যাচ খেলেই বিশ্বকাপে এসেছে যুক্তরাষ্ট্র। দলে আছেন ক্রিশ্চিয়ান পুলিসিক, ওয়েস্টন ম্যাককেনি, ফোলারিন বালোগুন ও টাইলার অ্যাডামসের মতো তারকারা। ২০০২ সালে কোয়ার্টার ফাইনালই তাদের সেরা বিশ্বকাপ সাফল্য।

প্যারাগুয়ে ১৬ বছর পর বিশ্বকাপে ফিরেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়ে সরাসরি জায়গা করে নেয় তারা। কোচ গুস্তাভো আলফারো জানিয়েছেন, দল মাঠে সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ