Views Bangladesh Logo

বাংলাদেশ ভ্রমণে কানাডার নতুন সতর্কতা জারি

বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে কানাডা সরকার। দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারিক কার্যক্রম এবং রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে বিক্ষোভ, সংঘাত ও জনঅস্থিরতার আশঙ্কা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ভ্রমণকারীদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার হালনাগাদ করা কানাডা সরকারের ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন স্থানে হঠাৎ বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ার পাশাপাশি এসব ঘটনার কারণে যান চলাচল ব্যাহত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

কানাডীয় নাগরিকদের বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভের স্থান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং নিরাপত্তা পরিস্থিতির আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরেও বাংলাদেশ নিয়ে ভ্রমণ পরামর্শ হালনাগাদ করেছিল কানাডা।

এবারের সতর্কতায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে কানাডা। নাগরিকদের ওই এলাকায় সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। সেখানে রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ ও অপহরণের ঝুঁকি রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত কানাডার নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির কোনো পরিবর্তন হলে সে অনুযায়ী নিজেদের চলাচল ও ভ্রমণ পরিকল্পনা পরিবর্তনের প্রস্তুতি রাখার কথাও বলা হয়েছে।

কানাডা সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে যাওয়ার আগে সর্বশেষ ভ্রমণ পরামর্শ যাচাই করতে বলেছে। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ বা অস্থিরতা তৈরি হলে সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ