Views Bangladesh Logo

বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কানাডার ২৭২ মিলিয়ন ডলার সহায়তা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য ২৭২.১ মিলিয়ন ডলারের নতুন বৈদেশিক সহায়তা তহবিল ঘোষণা করেছে কানাডা।

রোববার (৯ মার্চ) বিষয়টি জানিয়েছেন, কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন।

এক বিবৃতিতে হুসেন বলেন, ‘বাংলাদেশ ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও দৃঢ় হচ্ছে, যা জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের মাধ্যমে গড়ে উঠেছে।’

তিনি বলেন, ‘অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীদের ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করছি।’

গ্লোবাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ অন্যান্য বৈদেশিক অংশীদার ও দাতাদের অবদানের সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে ১৪টি প্রকল্পে ব্যয় হবে।

কানাডার ফেডারেল লিবারেল সরকারের এই পদক্ষেপ আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের নীতির সঙ্গে দৃশ্যত ভিন্ন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে তহবিল প্রদান স্থগিত করেন।

ট্রাম্প ও তার প্রশাসনের নতুন নির্বাহী প্রধান ইলন মাস্ক ক্ষমতায় আসার পর ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক সহায়তা স্থগিত করেন। ফলে বিশ্বব্যাপী সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যায় এবং সরকারি ও চুক্তিভিত্তিক হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের মুখে পড়ে।

ট্রাম্প ও তার রিপাবলিকান সহযোগীরা বৈদেশিক সহায়তা কর্মসূচিকে করদাতাদের অর্থের অপচয় হিসেবে দেখেন, যা তাদের মতে উদারনৈতিক রাজনৈতিক এজেন্ডা সমর্থন করে। তবে সমালোচকরা বলছেন, এসব ব্যয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার অবস্থানকে শক্তিশালী করে এবং অন্য দেশের হস্তক্ষেপ প্রতিরোধে সহায়তা করে।

মার্কিন বৈদেশিক সহায়তা কর্মীরা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন। তারা বলছেন, কংগ্রেস কর্তৃক অনুমোদিত একটি ফেডারেল সংস্থার কার্যক্রম বন্ধ করে প্রেসিডেন্ট সংবিধান ও আইন লঙ্ঘন করেছেন।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার তথ্যমতে, কানাডার সহায়তার আওতায় বহু-বছরব্যাপী বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে। যা লিঙ্গ সমতা, নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করবে।

এছাড়াও, কিছু প্রকল্প জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কমিউনিটিকে শক্তিশালী করা, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসে সহায়তা করবে।

এর মধ্যে ‘নার্সিং খাতে নারীদের ক্ষমতায়ন" একটি প্রকল্পে কানাডার কোম্পানি কোয়াটার ইন্টারন্যাশনালকে তিন বছরের জন্য ৬.৩ মিলিয়ন ডলারের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে কানাডা সরকার।

কানাডার এই সহায়তা আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন এবং ব্রিটিশ কলম্বিয়ার লিবারেল সংসদ সদস্য পারম বেইন্স আনুষ্ঠানিকভাবে ভ্যাঙ্কুভারের এক অনুষ্ঠানে ঘোষণা করেন। এতে কানাডায় বসবাসরত বাংলাদেশি নেতারাও উপস্থিত ছিলেন।

ফেডারেল সরকারের মতে, কানাডায় বসবাসরত বাংলাদেশি-কানাডিয়ান জনগোষ্ঠীর সংখ্যা বর্তমানে এক লাখেরও বেশি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ