Views Bangladesh Logo

তথ্যপ্রযুক্তি-জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী কানাডার ব্যবসায়ীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি, পশুপালন ও দুগ্ধজাত খাত, নবায়নযোগ্য জ্বালানি, বিমানবন্দর আধুনিকীকরণ, কার্গো ভিলেজ উন্নয়ন এবং পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন কানাডার ব্যবসায়ীরা।

রোববার (৪ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানান কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধিদল। প্রতিনিধিদলের প্রধান পল থোপিলের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। উইন উইন বিজনেস রিলেশন দুদেশের জন্য সুবিধাজনক হবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের মিরেরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদে জমি বরাদ্দ দেয়া হচ্ছে। কানাডার ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগ করে নিজেরা লাভবান হতে পারে এবং বাংলাদেশকেও লাভবান হতে সাহায্য করতে পারে।

কানাডার বাণিজ্য প্রতিনিধি পল থোপিলে বলেন, ‘বাংলাদেশ কানাডার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের তৈরি পোষাক শিল্পের একটি উল্লেখযোগ্য ক্রেতাও দেশটি।’

এ সময় তিনি বাণিজ্য সম্প্রসারণে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কার্যকর করা এবং এয়ার সার্ভিস এগ্রিমেন্টকে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন।

পল থোপিলে আরও বলেন, বাংলাদেশে তথ্য প্রযুক্তি, কৃষি, পশু পালন ও দুগ্ধজাত খাত, নবায়ন যোগ্য জ্বালানি খাত, বিমান বন্দর আধুনিকীকরণ, কার্গো ভিলেজে সুবিধা বৃদ্ধি এবং পর্যটনের বিকাশে আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণ বিনিয়োগে তার দেশ আগ্রহী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ