‘হারানো সম্মান কি ফিরিয়ে দিতে পারবে রাষ্ট্র?’, পরীমনির প্রশ্ন
পাঁচ বছর আগে রাজধানীর বনানীর বাসায় র্যাবের অভিযানে গ্রেপ্তারের ঘটনাকে ‘সম্পূর্ণ বেআইনি’ দাবি করে রাষ্ট্রের কাছে জবাব চেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তার অভিযোগ, ২০২১ সালের ৪ আগস্ট তাকে ‘বিশেষ মহলের স্বার্থে’ এবং ‘মিথ্যা ও বানোয়াট’ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ বিষয়ে মুখ খুলেছেন পরীমনি। এতদিন প্রকাশ্যে এ বিষয়ে খুব বেশি কথা না বললেও এবার গ্রেপ্তার, রিমান্ড ও কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
পোস্টে পরীমনি দাবি করেন, গ্রেপ্তারের পর তাকে মিথ্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয়েছে। তিনি জানান, সেই অভিজ্ঞতা ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে গভীর ক্ষত তৈরি করেছে।
তিনি লেখেন, ‘সাজানো মামলা থেকে আদালত হয়তো আমাকে অব্যাহতি দেবেন। কিন্তু আমার হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি আর জীবনের সেই সময়গুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? রাষ্ট্র কি মানুষের মনে আমার সম্পর্কে তৈরি হওয়া বিভ্রান্তিকর ধারণার দায় নেবে?’
পোস্টের শুরুতে র্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানান পরীমনি। তার দাবি, সাম্প্রতিক এক অনলাইন টকশোতে খাইরুল ইসলাম স্বীকার করেছেন যে, তৎকালীন র্যাব প্রধানের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।
তবে তিনি স্পষ্ট করে জানান, তার অবস্থান প্রতিশোধের নয়, বরং ন্যায়বিচারের পক্ষে।
পরীমনি লেখেন, ‘আমি কোনো ক্ষোভ বা প্রতিশোধের কথা বলতে চাই না। আমি শুধু সত্য, ন্যায়বিচার এবং মানবিকতার পক্ষে কথা বলতে চাই। ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এমন ঘটনার শিকার না হন, সেটিই আমার প্রত্যাশা।’
পোস্টে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি জানান, অতীতের ক্ষত পেছনে ফেলে নিজের কাজ, সন্তান, পরিবার ও দর্শকদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। র্যাবের জব্দ তালিকায় তার বাসা থেকে মদ ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারের দাবি করা হয়।
পরে তাকে তিন দফা রিমান্ডে নেওয়া হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রায় ২০ দিন কারাগারে থাকার পর ২০২১ সালের ১ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
মতামত দিন