প্রচারণা শেষ, ভোটের প্রস্তুতিতে প্রার্থীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে আজ সকালে। ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সব ধরনের নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ হয়। গত ২২ জানুয়ারি শুরু হওয়া এই প্রচারণা চলে টানা ২০ দিন।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে জামালপুরের শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির শেরপুর জেলা ইউনিটের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) গত ২ ফেব্রুয়ারি ভোরে মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়।
জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হয়। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালা ২০২৫-এর ১৮ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কেউই ভোটগ্রহণের নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগে প্রচারণা শুরু করতে পারবেন না এবং ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে সব প্রচারণা শেষ করতে হবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় রাজনৈতিক দলগুলোর প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। দেশজুড়ে স্থাপন করা হয়েছে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে