অনলাইন প্রতারণাবিরোধী অভিযান
কম্বোডিয়া থেকে ৩ হাজারের বেশি বাংলাদেশিকে বহিষ্কার
অনলাইন প্রতারণাবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০২৬ সালের প্রথম নয় মাসে তিন হাজারের বেশি বাংলাদেশিসহ ৮৭টি দেশের ৫২ হাজারেরও বেশি নাগরিককে বহিষ্কার করেছে কম্বোডিয়া।
কম্বোডিয়াভিত্তিক গণমাধ্যম বিটিভি নিউজ গ্লোবাল গত ২৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে কম্বোডিয়ার অভিবাসন বিভাগের (জেনারেল ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন) সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে অভিবাসন বিভাগের (জেনারেল ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন) তথ্য উল্লেখ করে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো ৩ হাজার ১০৪টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৮৭টি দেশের মোট ৫২ হাজার ৩৯ জন বিদেশি নাগরিককে আটক ও বহিষ্কার করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ বছর বহিষ্কৃত বিদেশি নাগরিকের সংখ্যা ৪১ হাজার ৬৮৫ জন বেড়েছে। শতকরা হিসাবে এই বৃদ্ধি ৪০০ শতাংশের বেশি।
বহিষ্কৃতদের মধ্যে প্রায় ২৩ হাজার চীনা, আট হাজারের বেশি ইন্দোনেশীয়, চার হাজারের বেশি ভিয়েতনামি এবং তিন হাজারের বেশি বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া আড়াই হাজারের বেশি পাকিস্তানি, প্রায় দুই হাজার মিয়ানমারের এবং দেড় হাজারের বেশি থাই নাগরিককে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বহিষ্কৃতদের মধ্যে ৩৮টি দেশের ১৮ হাজারের বেশি নাগরিককে সরাসরি অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে বহিষ্কৃত বাংলাদেশিদের মধ্যে কতজন মানবপাচারের শিকার হয়ে জোরপূর্বক এসব কাজে যুক্ত হতে বাধ্য হয়েছেন, সে বিষয়ে আলাদা কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
মতামত দিন