Views Bangladesh Logo

দুর্গাপূজায় আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

চলমান বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আসন্ন দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে তা সীমিত রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারেন, সে জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। তিনি জানান, অতীতে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করার সিদ্ধান্ত হয়েছে।

রাতের শেষ ভাগে বিচ্ছিন্ন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডপের কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, মাদক, অস্ত্র ও পটকাবাজির অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে ১ অক্টোবর থেকে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে বিশেষ তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এবার পূজামণ্ডপে আলোকসজ্জা সীমিত পরিসরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈধ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে সহযোগিতা করবে বলে তিনি আশা করেন।

যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ বছর যশোরে ৭৩৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ৭০৯টি। অর্থাৎ এবার গত বছরের তুলনায় ২৮টি মণ্ডপ বেড়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ