সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণে জাতীয় ঐক্যের ডাক
বাহাত্তরের সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ দাবিতে যৌথভাবে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মুহাম্মদ নাসীরুদ্দিন পাটওয়ারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ ঐক্যের ডাক দেন।
তারা বলেন, ‘মুজিববাদী সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি চুপ্পুর (মো. সাহাবুদ্দিন) অপসারণের মাধ্যমে বাংলাদেশ রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর ঐক্য চাচ্ছি।’
এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য মনজুর আল মতিন, আরিফুল ইসলাম আদিব, উমামা ফাতেমা, আব্দুল হান্নান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মুহাম্মদ নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, কোনো ফ্যাসিস্ট রেজিমের কোনো অংশ বাংলাদেশে বিরাজমান দেখতে চাই না আমরা। এর ফয়সালা রাজনৈতিকভাবে করতে হবে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ছলচাতুরীর আশ্রয় নেবেন না। বাংলাদেশ রক্ষার জন্য আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনা রেজিমের অংশ চুপ্পুকে অপসারণের দাবিতে ঐক্যবদ্ধ হন এবং রাজনৈতিক সংকটগুলো মোকাবিলা করুন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ৭২ সালের মুজিববাদী সংবিধানের ফলেই স্বৈরাচারের জন্ম হয়েছে। ফলে এই সংবিধানকে ছুড়ে ফেলে গণ অভ্যুত্থানের স্পিরিট বাড়াতে হবে। গণঅভ্যুত্থান এর পরে এই ৭২ এর সংবিধান থাকতে পারে না। যারা স্বৈরাচার বিরোধী এক দফায় বিশ্বাসী ছিলো তাদের কেউ এই সংবিধানকে সমর্থন করতে পারে না। সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে নতুন সংবিধান লিখতে হবে। যে সংবিধানের ফলে কোন স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না৷
তিনি বলেন, বঙ্গভবনের সামনে গতকাল যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে সমর্থন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু দাবি আদায়ে তাদের প্রক্রিয়া সমর্থন যোগ্য না। সবাইকে বলবো বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে একত্রিত হয়ে জোরালোভাবে আন্দোলন করুন।
ছাত্রলীগকে নিষিদ্ধের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন। কিন্তু এখনো তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে। ঢাবিতেও তারা মুখোশ পড়ে মিছিল করেছে। আপনারা যেখানেই তাদেরকে দেখবেন আপনারা নৈতিক জায়গা থেকে তাদের শক্ত হাতে প্রতিহত করবেন। এসময় তিনি, আগামী ২৪ ঘন্টার মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে