Views Bangladesh Logo

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসরের জন্য চলচ্চিত্র আহ্বান

নিউ ইয়র্কে বসতে যাচ্ছে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবকে সামনে রেখে চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এবারের আয়োজনে শর্টফিল্ম, প্রামাণ্যচিত্র, ওয়েব ফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই চারটি বিভাগে বাংলা ভাষার চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রতিটি বিভাগে নির্বাচিত ও বিজয়ী নির্মাতাদের জন্য থাকবে পুরস্কারের ব্যবস্থা।

উৎসবের আহ্বায়ক ও প্রযোজক অলিভ আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রে বাংলা চলচ্চিত্রের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। প্রথম আসরে দর্শক ও নির্মাতাদের কাছ থেকে পাওয়া সাড়া তাদের এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে উৎসাহিত করেছে। এবারের উৎসবেও অভিজ্ঞ জুরি বোর্ডের মাধ্যমে চলচ্চিত্র বাছাই ও মূল্যায়ন করা হবে। উৎসবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম পরিচালক তানভীর খায়ের।

উৎসবের সদস্য সচিব লিটু আনাম বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এই শিল্পকে সমৃদ্ধ করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের কাজকে মূল্যায়নের পাশাপাশি সমসাময়িক নির্মাতাদের সৃষ্টিকেও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান তারা। এ জন্য ২০২৬ সালে নির্মিত নিজেদের সেরা চলচ্চিত্র উৎসবে জমা দিতে বাংলাদেশের নির্মাতা ও প্রযোজকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আয়োজকেরা জানিয়েছেন, চলচ্চিত্রের দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি। নির্মাতারা তাদের চলচ্চিত্রের এমওভি অথবা এমপি৪ ফরম্যাটের ফাইল জমা দিতে পারবেন। এ জন্য গুগল ড্রাইভের লিংক পাঠানো যাবে submit@nybanglaff.org ঠিকানায়। পাশাপাশি ফিল্মফ্রিওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমেও চলচ্চিত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।

অলিভ আহমেদ জানান, আগামী বছরের শুরুর দিকে নিউ ইয়র্কে উৎসবটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে নির্দিষ্ট তারিখ ও ভেন্যুর নাম এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই উৎসবের ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

২০২৫ সালে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এবার দ্বিতীয় আসরের আয়োজন করছে রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট। এতে যৌথভাবে সহযোগিতা করছে প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও। সার্বিক সহযোগিতায় থাকছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ