সচিবালয় কর্মীদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব
সচিবালয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দাবিসমূহ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ।
বুধবার (২৮মে) মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংকট নিরসনে গঠিত কমিটির আহ্বায়ক এএসএম সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
সাম্প্রতিক এক বৈঠকে আন্দোলনরত কর্মীদের পক্ষ থেকে তাদের দাবিদাওয়া ও সংশ্লিষ্ট উদ্বেগগুলো মন্ত্রিপরিষদ সচিবকে জানান সালেহ আহমেদ। এরপর মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধান উপদেষ্টা বর্তমানে জাপানে অবস্থান করছেন এবং তিনি আগামী ৩১ মে দেশে ফিরবেন। তাঁর দেশে ফেরার পর আন্দোলনকারীদের দাবিসমূহ আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে তুলে ধরা হবে। পরবর্তী সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার ওপর নির্ভর করবে।
সালেহ আহমেদ বলেন, যেহেতু এটি সরকারনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এ সংকটের সমাধান সর্বোচ্চ সরকারি পর্যায় থেকেই আসতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনা শেষে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে, ওইদিন জরুরি এক বৈঠকে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে ভূমি সচিবকে আন্দোলনরত কর্মীদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়।
আন্দোলনকারীরা ২০২৫ সালের ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ’কে দমনমূলক ও অন্যায় বলে আখ্যা দিয়েছেন এবং এর সম্পূর্ণ প্রত্যাহার দাবি করেছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অধ্যাদেশটি প্রত্যাহার না করা হয়, তবে আন্দোলন আবারও শুরু হবে। প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের সকল কক্ষ তালাবদ্ধ করারও হুমকি দেন তারা।
তাদের বক্তব্য, ১৯৭৯ সালের সরকারি চাকরি সংক্রান্ত বিধান যা উচ্চ আদালত কর্তৃক বাতিল করা হয়েছিল, সেটি এই নতুন অধ্যাদেশের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, যা সরকারি কর্মচারীদের অধিকার হরণ এবং কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে