অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা
মন্ত্রিসভা ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা–২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬’ বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
সরকার জানিয়েছে, নিরাপদ, কার্যকর, মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নের আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক হলেও ২০২৬ সালের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি তৈরির সময় সেই বিধান অনুসরণ করা হয়নি। এ কারণে ওই দুটি নথি বাতিল করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছিল, যা বর্তমানে বিচারাধীন। এরই মধ্যে গত ২৯ জুন আইন অনুযায়ী জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। পাশাপাশি ওই পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন করেছে।
তবে ২০২৬ সালের তালিকা বাতিল হলেও ১৯৯৪ সালের আদেশে প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওই তালিকাভুক্ত ওষুধের সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে। সরকার জানিয়েছে, নতুন করে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা হবে এবং ওষুধের মূল্য এমনভাবে নির্ধারণ করা হবে, যাতে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক মহাসচিব জাকির হোসেন। তাঁর মতে, দীর্ঘদিন ধরে ওষুধশিল্পে যে স্থবিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তের ফলে তা দূর হবে এবং আইনি জটিলতা কাটিয়ে খাতটিতে স্বাভাবিকতা ফিরে আসবে।
মতামত দিন