Views Bangladesh Logo

বাতিল হচ্ছে ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি

চলতি বছরের জন্য প্রণীত ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নতুন করে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন এবং ওষুধের দাম নির্ধারণে সংশোধিত কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জন্য নিরাপদ, কার্যকর, মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে ওষুধ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। তবে ২০২৬ সালের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে আইনগত একটি বাধ্যবাধকতা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরির আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়ার বিধান রয়েছে। কিন্তু ওই তালিকা তৈরির সময় এই পরামর্শ নেওয়া হয়নি।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে গত জানুয়ারিতে ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ পদ্ধতি প্রকাশ করা হয়। তবে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়াই তা প্রণয়ন করা হয়েছিল। পরে তালিকাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এর মধ্যে গত ২৯ জুন ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর বিধান অনুযায়ী নতুন জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন করেছে। ফলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিয়ে নতুন তালিকা তৈরির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

নতুন তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল হলেও ১৯৯৪ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশের ভিত্তিতে প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা আপাতত বহাল থাকবে। একই সঙ্গে ওই তালিকাভুক্ত ওষুধের সরকারি মূল্য নির্ধারণের ব্যবস্থাও আগের মতো কার্যকর থাকবে। খুব শিগগির নতুন করে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য নির্ধারণ কাঠামো এমনভাবে তৈরির পরিকল্পনা করা হচ্ছে, যাতে ওষুধ কিনতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে এবং একই সঙ্গে বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে। মন্ত্রিসভার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক মহাসচিব জাকির হোসেন। তাঁর মতে, নতুন সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও স্থবিরতা কাটিয়ে ওষুধের বাজারে স্বস্তি ফিরবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তাদের মধ্যেও এ সিদ্ধান্ত ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বলে তিনি জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ