প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: সংসদে শিক্ষামন্ত্রী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে নতুন সিদ্ধান্তের তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক পদ সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি জানানো হয়েছে।
এর আগে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নূরুল ইসলাম জানতে চান—প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী সংগীত শিক্ষক পদ সৃষ্টি করা হলেও এর বর্তমান অগ্রগতি কী।
লিখিত উত্তরে মন্ত্রী জানান, এই পদ সৃজনের প্রস্তাবে মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দেয়নি, ফলে এখন পর্যন্ত সংগীত শিক্ষক নিয়োগ কার্যক্রম এগোয়নি।
এই ইস্যুতে দীর্ঘদিন ধরেই ভিন্নমত ও বিতর্ক চলছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব থাকলেও পরে তা সংশোধিত বিধিমালায় বাদ দেওয়া হয়। অন্যদিকে কিছু ধর্মভিত্তিক সংগঠন সংগীত শিক্ষার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছে।
সব মিলিয়ে প্রাথমিক পর্যায়ে সংগীত শিক্ষক নিয়োগের বিষয়টি এখন সরকারি নীতিগত অবস্থানের কারণে স্থগিত অবস্থায় রয়েছে।

মতামত দিন