Views Bangladesh Logo

জিটুজি চুক্তির আওতায় ১৬,৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

২০২৬ সালের জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় প্রায় ১৬ হাজার ৮৮ কোটি ৫২ লাখ টাকার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিসিজিপির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক মূল্য, আমদানি প্রিমিয়াম এবং চাহিদার ওপর ভিত্তি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই প্রস্তাবটি উত্থাপন করে। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ মোট ছয়টি রাষ্ট্রায়ত্ত বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে। প্রতিষ্ঠানগুলো হলো সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল), থাইল্যান্ডের ওকিউটি এবং ইন্দোনেশিয়ার বিএসপি।

জ্বালানি খাতের পাশাপাশি বৈঠকে বেশ কয়েকটি অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। এর মধ্যে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রিভার প্রকল্পের অধীনে বগুড়ায় ১৫টি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও আহাদ বিল্ডার্সের যৌথ উদ্যোগকে ১২৫ দশমিক ৯৯ কোটি টাকার কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়।

অন্যান্য প্রকল্পের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘দেশব্যাপী সার সংরক্ষণ ও বিতরণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার সার বাফার গুদাম নির্মাণে ৪৯ কোটি ১৪ লাখ টাকার কার্যাদেশ এমবিএল-আরইএল যৌথ উদ্যোগের অনুকূলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সভায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড পরিচালিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (উত্তর) বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের সংশোধিত সমন্বিত বিদ্যুৎ ট্যারিফ অনুমোদনের সুপারিশও করা হয়।

সংশোধিত কাঠামো অনুযায়ী প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) বিদ্যুতের সমন্বিত ট্যারিফ ৪ দশমিক ০৯৪৫ মার্কিন সেন্ট বা ৫ দশমিক ০২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ৮৪ দশমিক ৬ শতাংশ প্ল্যান্ট লোড ফ্যাক্টর, ১২ শতাংশ ডিসকাউন্ট ফ্যাক্টর, ৬ শতাংশ ইকুইটির ওপর মুনাফার হার, প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ১২২ টাকা ৮০ পয়সা এবং প্রতি এক হাজার স্ট্যান্ডার্ড কিউবিক ফুট (এসসিএফ) গ্যাসের মূল্য ৪৩৮ টাকা ৯১ পয়সা বিবেচনায় নেওয়া হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তিনটি পৃথক ক্রয় প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

এর মধ্যে চট্টগ্রামের মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাব-জোন ৬, ৭, ১১ ও ১৮-এ সড়ক যোগাযোগ ব্যবস্থা নির্মাণে ১২৩ কোটি ৩৪ লাখ টাকার কার্যাদেশ মনিকো লিমিটেড-কে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

একইসঙ্গে বিদ্যুৎ নেটওয়ার্ক নির্মাণ (প্যাকেজ নম্বর ডব্লিউডি-৪এ-বিএসএমএসএন-বেজা) প্রকল্পে ২১১ কোটি ৭৯ লাখ টাকার কার্যাদেশ রেভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর অনুকূলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এছাড়া ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের পরামর্শক সেবার চুক্তির মেয়াদ বৃদ্ধি ও ব্যয় সংশোধনের প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী পরামর্শক সেবার ব্যয় ৮৩ কোটি ১৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৮৯ কোটি ৮৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার চেইল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, ইউশিন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্টস লিমিটেডের যৌথ উদ্যোগ এ পরামর্শক সেবা প্রদান করছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ