কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষায় কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নির্দিষ্ট সময়ের জন্য এসব পণ্যের আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাবটি সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, কাঁচা মরিচ ও টমেটো দেশের বহুল ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য। তবে মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন ঘাটতির কারণে অনেক সময় এসব পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়।
বাজারে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য আমদানিতে প্রযোজ্য শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে মোট করহার ৬১ শতাংশ।
প্রস্তাব অনুযায়ী, প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে এসব পণ্যের আমদানিতে মোট করহার ৬১ শতাংশ থেকে কমিয়ে ২০ দশমিক ৫ শতাংশ করা হবে। পরবর্তী মাসে তা নির্ধারণ করা হবে ৩১ শতাংশ। এর মাধ্যমে আমদানিকারকদের জন্য ব্যয় কমানোর পাশাপাশি বাজারে কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ বাড়ানো এবং ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত দিন