‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের খসড়া অনুমোদন
বগুড়া শহর ও আশপাশের এলাকাকে পরিকল্পিত আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইন কার্যকর হলে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্ধারিত এলাকায় কোনো ভবন নির্মাণ বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
খসড়া আইন অনুযায়ী, বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে একটি সংবিধিবদ্ধ ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করা হবে। চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালিত এই কর্তৃপক্ষ মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন করবে।
আইনে নদী-নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর বিধান রাখা হয়েছে। অননুমোদিত নির্মাণ, জলাধার ভরাটসহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে।
এ ছাড়া আধুনিক ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে ল্যান্ড রিডজাস্টমেন্ট ও ল্যান্ড রিডেভেলপমেন্টের বিধান যুক্ত করা হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি আদায়, ঋণ গ্রহণ ও নিরীক্ষার ব্যবস্থাও আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে আইনটি কার্যকর করা হবে।
মতামত দিন