এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন
সংসদ সদস্যদের (এমপি) দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি আইন, ২০২৬’-এর প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, সংসদ সদস্যরা এখন থেকে আর শুল্ক ছাড়াই গাড়ি আমদানির সুযোগ পাবেন না। ১৯৭৩ সালের এক অধ্যাদেশের আওতায় সংসদ সদস্যরা এই বিশেষ সুবিধা ভোগ করে আসছিলেন। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার যৌক্তিকীকরণের লক্ষ্যেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক ও নাগরিক সেবা নিশ্চিত করতে একটি বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বাচল প্রকল্পের একাংশ এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার প্রশাসনিক ও সেবামূলক আওতাভুক্ত হবে।
সমন্বিত নাগরিক সেবা ও অবকাঠামো ব্যবস্থাপনা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত প্রকল্পের নির্দিষ্ট অংশগুলোকে ঢাকা জেলার ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবেও অনুমোদন দেয় মন্ত্রিসভা।
‘জাতীয় চা দিবস’ পালনের তারিখও পরিবর্তন এসেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে জাতীয় চা দিবস পালিত হবে।
এ ছাড়াও বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইনের সংশোধনীর অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমার বাধা দূর করা হয়েছে। ইতিপূর্বে এই বয়সসীমা যথাক্রমে ৬৫ ও ৬৭ বছর ছিল। মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের মতো এশীয় দেশগুলোর অভিজ্ঞতার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে