Views Bangladesh Logo

মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি কমাতে ভ্যাট, সম্পূরক শুল্ক বৃদ্ধি প্রত্যাহারের আহ্বান ক্যাবের

 VB  Desk

ভিবি ডেস্ক

মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং জনদুর্ভোগ তীব্রতর হওয়ার শঙ্কায় ১০০টিরও বেশি প্রয়োজনীয় পণ্য ও পরিষেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশ অনুসারে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা, ওষুধ, এলপিজি, ফল, বিস্কুট, ডিটারজেন্ট, সাবান, টমেটো কেচাপ, রান্নাঘরের তোয়ালে, রড উৎপাদনের কাঁচামালসহ অন্য পণ্যে উচ্চ ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ করে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববারের (১২ জানুয়ারি) বিবৃতিতে ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সংগঠকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, সিদ্ধান্তটি উচ্চ মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান ব্যয়ে দুর্দশাগ্রস্ত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জীবন সংগ্রামকে আরও কঠিন করবে।

বিবৃতিতে বলা হয়েছে, গত বছর খাদ্য মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে উচ্চমাত্রার ছিল, নভেম্বরে ১৪ শতাংশ এবং ডিসেম্বরে ১৩ শতাংশের কাছাকাছি পৌঁছেছিল। অ-খাদ্য প্রয়োজনীয় পণ্যগুলোর দামও তীব্রভাবে বেড়েছে। এটিও পরিবারের জন্য মানুষের খরচ পরিচালনা ক্রমবর্ধমানভাবে কঠিন করে তুলেছে।

ক্যাবের সংগঠকরা বলেন, সাম্প্রতিক ভ্যাট বৃদ্ধি মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে তোলার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদেরও নির্বিচারে দাম বাড়ানোর উপযুক্ত পরিবেশ তৈরি করবে।

তারা বলেন, ২৯টি পণ্যে ভ্যাট এবং আমদানি শুল্ক প্রত্যাহারের পূর্ববর্তী উদ্যোগগুলোও মনিটরিংয়ের অভাবে ভোক্তাদের উপকার করতে ব্যর্থ হয়েছিল। কারণ, করপোরেট গ্রুপ এবং আমদানিকারকরা মজুতদারি করেছিল।

জীবন রক্ষাকারী ওষুধের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন তারা। বলেছেন, এটি ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয়ের বোঝা চাপা পরিবারগুলোর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

সরকারকে ভ্যাটের ভিত্তি প্রসারিত করা, কর পদ্ধতি সহজীকরণ এবং করফাঁকি রোধে মনোযোগ দেয়াসহ এনবিআরে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর আহ্বান জানান তারা।

বিবৃতিতে বলা হয়, অপ্রত্যক্ষ কর নিম্ন-আয়ের গোষ্ঠীগুলোকে অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাবিত করে। সরকারের উচিত, এটি আরোপের বদলে ন্যায়সঙ্গত রাজস্ব সংগ্রহ নিশ্চিতে প্রত্যক্ষ করে জোর দেয়া।

জনদুর্ভোগ প্রশমিত করতে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার বা কমপক্ষে রমজান পর্যন্ত স্থগিতের দাবি জানান ক্যাবের সংগঠকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ