Views Bangladesh Logo

গোপন আটককেন্দ্র পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

“আয়নাঘর” নামে পরিচিত গোপন আটককেন্দ্র পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার দল। যেখানে গুম হওয়া ব্যক্তিদের আটকে রাখা হতো।

ইতোমধ্যেই ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর অধীনে পরিচালিত জিজ্ঞাসাবাদ সেল এবং র‌্যাব-২-এর অধীনে সিপিসি-৩-এর ভিতরে থাকা সেলগুলি পরিদর্শন করেছেন ড. ইউনূসসহ তার দল। বর্তমানে তারা র‌্যাব সদর দপ্তরের ভেতরে অবস্থিত টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যাচ্ছেন।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, আবাসন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর পরিদর্শনে অধ্যাপক ইউনূসের সঙ্গে অংশগ্রহণ করেন দেশীয় দুটি গণমাধ্যম, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম এবং নির্দিষ্ট সংখ্যক ভুক্তভোগীদের একটি দল।

তবে পরিদর্শনকারী দলে গুমের শিকার হওয়া ভুক্তভোগী ও তাদের পরিবারকে যুক্ত করা হয়নি।

এদিকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘মায়ের ডাক’ এর সদস্যরা আজ শাহীনবাগ অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, ভুক্তভোগীরা এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত রয়েছেন।

মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলী বলেন, ‘আমাদের দাবি ছিল, আয়নাঘরগুলো গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও ভুক্তভোগীদের জন্য উন্মুক্ত করা হোক। কিন্তু এখনো আমাদের সেই অধিকার দেয়া হয়নি। যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের এখনো রক্ষা করা হচ্ছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ