রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কাতারকে নেতৃত্ব দেয়ার আহ্বান ড. ইউনূসের
মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদেরকে প্রত্যাবাসনের চেষ্টায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) উদ্যোগে কাতারকে নেতৃত্বদানকারী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৩ এপ্রিল) দোহায় অনুষ্ঠিত অর্থনা সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কাতার ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয় সাধন করে তহবিল বৃদ্ধি এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও ন্যায়সঙ্গত সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অধ্যাপক ইউনূস বলেন, ‘কাতার তার কূটনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যেন প্রত্যাবাসন প্রক্রিয়া আর বিলম্ব না হয়।’
বৈঠকে কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং কাতারের আমিরের বোন শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক ইউনূস সতর্ক করে দিয়ে বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস তাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে এবং শিবিরগুলোতে অপরাধমূলক কার্যকলাপ ও অবৈধভাবে অভিবাসন চেষ্টার সংখ্যা বাড়াচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, সংকট সমাধান না হলে এটি আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের জন্য হুমকির কারণ হতে পারে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘বিশ্বের অন্যান্য সংঘাতের মধ্যে রোহিঙ্গা সংকট যেন হারিয়ে না যায়।’
২০২৫ সালের ১৯ মার্চ পর্যন্ত বাংলাদেশ সরকারের তথ্যানুযায়ী, ৮,২৯,০৩৬ জন নিবন্ধিত রোহিঙ্গার মধ্যে মাত্র ২,৩৯,০৫৬ জনকে যাচাই করেছে মিয়ানমার। যার মধ্যে ১,৭৬,১৯৮ জনকে সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে।
এমন পরিস্থিতিতে স্থায়ী সমাধানের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আজকের আলোচনা যেন শুধুই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং একটি অর্থবহ অংশীদারিত্বের সূচনা করে। যা রোহিঙ্গা সংকটকে আমাদের মানবিক অগ্রাধিকারের শীর্ষে রাখবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে