মালদ্বীপে অনিবন্ধিত বাংলাদেশিদের নিয়মিত করার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালদ্বীপে বসবাসরত অনিবন্ধিত বাংলাদেশি প্রবাসীদের নিয়মিতকরণের জন্য মালদ্বীপ সরকারকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশটিতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
মালদ্বীপের পর্যটন ও মৎস্য শিল্পে বাংলাদেশি কর্মীরা কাজ করছেন। এছাড়া দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও কর্মরত রয়েছেন।
বৈঠকে হাইকমিশনার শিউনীন রশীদ জানান, মালদ্বীপের অনেক শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশে বিশেষ করে চিকিৎসা শিক্ষায় অধ্যয়ন করছেন। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ মালদ্বীপের আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত।
প্রথমবারের মতো বাংলাদেশে কূটনৈতিক দায়িত্ব পালন করতে আসা হাইকমিশনারকে শুভেচ্ছা জানান অধ্যাপক ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, তার দায়িত্বকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
বৈঠকে মালদ্বীপের হাইকমিশনার জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ‘আমাদের বাংলাদেশ থেকে আমদানি বেড়েছে, বিশেষ করে ওষুধ শিল্পে,’ বলেন তিনি।
এছাড়া, মালদ্বীপে কিছু বাংলাদেশি কোম্পানি ব্যবসা চালু করেছে এবং গত এক বছরে দেশটিতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে বলে জানান হাইকমিশনার।
প্রধান উপদেষ্টার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকার প্রশংসা করে শিউনীন রশীদ বলেন, ‘আপনার জলবায়ু কর্মসূচির প্রতিশ্রুতি আমাদের অনুপ্রাণিত করেছে। মালদ্বীপ এ বিষয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে