ফুটবলারদের চাহিদাগুলো লিখিত আকারে জমা দিতে বললেন প্রধান উপদেষ্টা
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে তাদের ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষা, লড়াই ও দাবি-দাওয়া লিখে তার অফিসকে জানাতে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অধ্যাপক ইউনূস বলেন, যা খুশি তাই লিখবেন, দ্বিধা করবেন না। আমরা আপনাদের দাবি পূরণের চেষ্টা করব। এখন যদি কোনো সমস্যার সমাধান করা যায়, আমরা তা এখনই করব।
সাফ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা শনিবার(২ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তার সঙ্গে তাদের স্বপ্ন ও প্রতিদিনের সংগ্রামের কথা তুলে ধরেন।
গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে ২-১ গোলে জয়ের পরে বিজয়ী খেলোয়াড়দের দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং তাদের অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে নারী ফুটবলারদের আলোচনার বিস্তারিত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব।
প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য অর্জনের জন্য আমি পুরো জাতির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের মানুষ সফলতা চায়। আপনারা আমাদের সাফল্য এনে দিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে