Views Bangladesh Logo

অভ্যুত্থানে আহতদের বিদেশে পাঠাতে দূতাবাসের সহযোগিতা নেয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার

 VB  Desk

ভিবি ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুতর আহতদের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে দূতাবাসগুলোর কাছে সহযোগিতা চাওয়ার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভায় এ পরামর্শ দেন প্রধান উপদেষ্টা । তাঁর সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘গুরুতর আহত যাঁরা, তাঁদের বিস্তারিত মেডিকেল হিস্ট্রির রিপোর্ট তৈরি করে দূতাবাসগুলোর কাছে সাহায্য চাওয়া যেতে পারে। বিভিন্ন দূতাবাসের অনেক কর্মকর্তা জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছিলেন। আহতদের ব্যাপারে তাঁদের সহানুভূতি আছে। নিশ্চয়ই তাঁরা আমাদের এ ব্যাপারে সাহায্য করবেন।’

এ ছাড়াও সভায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম শাহীনকে প্রধান করে একটি লিগ্যাল সাপোর্ট টিম গঠন করা হয়। এর পাশপাশি জানানো হয়, গত ৩০ নভেম্বর পর্যন্ত ফাউন্ডেশনে ১০৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার টাকা জমা হয়েছে। এর মধ্যে ৩৬৫ জন শহীদ পরিবারকে ১৮ কোটি ২৫ লাখ টাকা এবং ৭৭৫ জন আহত ব্যক্তিকে ৭ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা সহায়তা দেয়া হয়।

ওই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলম প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ