Views Bangladesh Logo

ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৌনির সাতুরির নেতৃত্বাধীন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের (এমইপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, পরিষ্কার ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে। কিছু শক্তি এখনও নির্বাচন স্থগিতের চেষ্টা করলেও আমরা নির্ধারিত সময় অনুযায়ী তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

অধ্যাপক ইউনূস জানান, আমরা ইতিমধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি। রমজানের ঠিক আগে, ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন দশকেরও বেশি সময় পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের নির্বাচন শুরু হওয়ায় তরুণ ভোটারদের মধ্যে ক্রমবর্ধমান উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ১৫ বছরেরও বেশি সময় পর অনেক তরুণ এবার প্রথমবার ভোট দেবেন।

তিনি বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন সূচনা প্রত্যক্ষ করবে। এটি জাতির ইতিহাসে নতুন অধ্যায় চিহ্নিত করবে এবং দেশের জন্য নতুন যাত্রার সূচনা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দলের সদস্যরা সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থন এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে মতবিনিময় করেন। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল বাড়ানোর এবং ক্যাম্পের স্কুল পুনরায় চালু করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অন্তর্বর্তী সরকারের বাস্তবায়নাধীন শ্রম সংস্কারের পদক্ষেপকে বাংলাদেশ-ইইউ সম্পর্ক জোরদারে সহায়ক হিসেবে তুলে ধরেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ