দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা, সময় ২৩ দিন
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থীরা প্রচার-প্রচারণার জন্য ২৩ দিন সময় পাচ্ছেন। প্রতীক বরাদ্দের পর আগামী ১৬ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন তারা। শনিবার (৭ মার্চ) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম।
ইতোমধ্যে এ আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে আপিল আবেদন গ্রহণ করা হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে।
অন্যদিকে বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার। রিটার্নিং কর্মকর্তা ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন করেছেন।
এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হয়েছিলেন। তবে একই সঙ্গে দুটি আসনের সংসদ সদস্য থাকা সম্ভব না হওয়ায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল দেয় নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ, প্রচারণা শুরু ১৬ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীরা ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে প্রচারণা চালাতে পারবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ইসি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে