Views Bangladesh Logo

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর।

যাচাই-বাছাইয়ে কোনো মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।

এদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারপর্ব শুরু হবে।

এর আগে গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই আসনটি শূন্য হয়েছে বলে জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ