মিষ্টির খালি আসনে ভোট ১২ নভেম্বর
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই তপশিল ঘোষণা করা হয়। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ৬ অনুযায়ী এই তপশিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল চারটার মধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
প্রাপ্ত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে। বাছাইয়ের সিদ্ধান্ত বাতিল বা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল চারটার মধ্যে এবং পরদিন ২৯ অক্টোবর সকাল ১১টা থেকে এসব আপিল নিষ্পত্তি করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে এক নভেম্বর বিকেল চারটা পর্যন্ত। পরবর্তীতে দুই নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং চূড়ান্তভাবে আগামী ১২ নভেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত এক অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমদে মিষ্টি। এদিন দুপুর পৌনে দুইটার দিকে সংসদ ভবনে এসে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন তিনি।
ওই দিন নির্বাচন কমিশনার আব্দুর রহমালেল মাছউদ জানান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদ শূন্যের গেজেট প্রকাশের পর তিন মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতিতে কেবল মাত্র বিএনপি জোট প্রার্থী দিতে পারবে।
মতামত দিন