আল্লাহর রহমতে নিরাপদে ও ভালো আছি: নেপাল থেকে অপু বিশ্বাস
নেপালে ভয়াবহ দুর্যোগের ঘটনায় সেখানে অবস্থানরত ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস ও তার ‘শিকার’ চলচ্চিত্র দলকে নিয়ে তৈরি হওয়া দুশ্চিন্তার অবসান ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে ঢালিউড তারকা নিজেই জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেও তিনি ও তার পুরো দল নিরাপদে ও ভালো আছেন।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাস বলেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি।
তিনি বলেন, ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।
অপু বিশ্বাস বলেন, সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।
মতামত দিন