নতুন মনিটর কিনছেন? যেসব ফিচার জানা জরুরি
দিন বদলেছে, বদলেছে কাজের ধরনও। অফিসের ফাইলপত্র থেকে শুরু করে অনলাইন ক্লাস, গেমিং কিংবা ইউটিউব-ফেসবুকের জন্য কনটেন্ট তৈরি; সবকিছুরই কেন্দ্রবিন্দুতে এখন একটি জিনিস: কম্পিউটার স্ক্রিন। দিনের বড় একটি সময় মানুষ কাটাচ্ছেন এই আলোকিত পর্দার সামনে বসে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে; যে যন্ত্রটির দিকে এত দীর্ঘ সময় তাকিয়ে থাকতে হয়, সেটি বাছাইয়ে কতটা সচেতন আমরা?
প্রযুক্তিবিদদের মতে, মনিটর কেনার সিদ্ধান্তকে অনেকেই এখনো নিছক দাম বা পর্দার আকারের হিসেবে সীমাবদ্ধ রাখেন। অথচ প্রতিদিনের এই সঙ্গীটি বেছে নেওয়ার সময় বিবেচনায় আনা প্রয়োজন আরও কিছু সূক্ষ্ম বিষয়; যার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে চোখের আরাম ও দীর্ঘমেয়াদি সুস্থতা।
প্যানেলের চরিত্র বোঝা জরুরি
বাজার ঘুরলেই চোখে পড়বে আইপিএস, ভিএ কিংবা ওএলইডি অর্থাৎ নানা প্রযুক্তির ডিসপ্লে। এদের মধ্যে আইপিএস প্যানেল তুলনামূলকভাবে বিস্তৃত কোণ থেকে দেখা যায় এবং রঙের উপস্থাপনাও রাখে স্বাভাবিক, যে কারণে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে অফিসকর্মী কিংবা কনটেন্ট নির্মাতা; সবার কাছেই এটি অগ্রাধিকার পায়। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, একটানা লেখা পড়া বা নথি ঘাঁটাঘাঁটির কাজে আইপিএস প্যানেল অপেক্ষাকৃত নিরাপদ পছন্দ, কারণ রঙের ধারাবাহিকতা বজায় থাকায় চোখকে বাড়তি সমন্বয়ের চাপ নিতে হয় না।
আকারের হিসাব মেলাতে হবে দূরত্বের সঙ্গে
মনিটরের আকার বাছাই কোনো একক নিয়মে বাঁধা যায় না; বরং তা নির্ভর করে ব্যবহারের ধরন ও বসার দূরত্বের ওপর। সাধারণ অফিস বা পড়াশোনার কাজে ২৪ ইঞ্চির পর্দা এখনো চলনসই হলেও, বর্তমান সময়ের বিচারে ২৭ ইঞ্চিকেই ধরা হচ্ছে সবচেয়ে ভারসাম্যপূর্ণ মাপ; আরাম, দাম ও কর্মক্ষমতার মধ্যে যা তৈরি করে এক মধুর সমন্বয়। যারা বড় স্প্রেডশিট নিয়ে কাজ করেন, ভিডিও সম্পাদনার টাইমলাইনে ডুবে থাকেন কিংবা একসঙ্গে একাধিক উইন্ডো সামলান, তাদের জন্য ৩২ ইঞ্চির মনিটরও হতে পারে যুতসই। তবে সতর্কতা দরকার এখানেও; ডেস্কের গভীরতা ও বসার দূরত্বের তুলনায় অতিরিক্ত বড় পর্দা বেছে নিলে চোখ ও ঘাড়কে বারবার নড়াচড়া করতে হয়, যা উল্টো ক্লান্তি ডেকে আনে।
স্পষ্টতার আড়ালে লুকিয়ে আরাম
রেজল্যুশন যত বাড়বে, লেখা ও ছবির স্বচ্ছতাও তত প্রকট হবে। যারা দীর্ঘ সময় ধরে নথি বা লেখাজোখা নিয়ে কাজ করেন, তাদের জন্য ২৪ থেকে ২৭ ইঞ্চির আইপিএস প্যানেলে কিউএইচডি কিংবা ফুল এইচডি রেজল্যুশনকে ধরা হয় স্বস্তিদায়ক মানদণ্ড হিসেবে। কারণ ঝাপসা বা অস্পষ্ট লেখা দীর্ঘক্ষণ পড়তে থাকলে চোখের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে, যা ধীরে ধীরে ক্লান্তিতে রূপ নেয়।
নীল আলো ও ঝিলমিলের বিরুদ্ধে প্রতিরোধ
আজকাল বেশিরভাগ আধুনিক মনিটরেই যুক্ত থাকে ব্লু লাইট কমানোর ব্যবস্থা, যা রাতের বেলা দীর্ঘ সময় কাজ করার সময় কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে। এর পাশাপাশি ফ্লিকার-ফ্রি প্রযুক্তির উপস্থিতিও কম গুরুত্বপূর্ণ নয়; পর্দার অতি সূক্ষ্ম ঝিলমিল দীর্ঘ সময় নজরে না এলেও, তা নীরবে চোখের ক্লান্তি বাড়িয়ে দিতে পারে। তবে বিশেষজ্ঞরা একটি সতর্কবার্তাও দিচ্ছেন—বিজ্ঞাপনে কেবল ‘আই কেয়ার’ শব্দটি লেখা থাকলেই তা কার্যকর, এমন ধারণা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। বরং ফ্লিকার-ফ্রি সনদ ও তার প্রকৃত বাস্তবায়ন কতটা নির্ভরযোগ্য, সেটিই যাচাই করা বুদ্ধিমানের কাজ।
উজ্জ্বলতা, রঙ ও গতির সমীকরণ
মনিটরের উজ্জ্বলতা সবসময় সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখার প্রয়োজন নেই; বরং আশপাশের আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে তা সমন্বয় করাই বেশি স্বস্তিদায়ক। এ ক্ষেত্রে অনেক আধুনিক মনিটরে থাকা স্বয়ংক্রিয় উজ্জ্বলতা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বেশ কাজে দেয়। রিফ্রেশ রেটের প্রসঙ্গেও থাকা চাই স্বচ্ছ ধারণা; সাধারণ অফিসের কাজের জন্য ৭৫ হার্টজই যথেষ্ট, তবে যারা নিয়মিত গেম খেলেন কিংবা ভিডিও সম্পাদনার মতো গতিনির্ভর কাজ করেন, তাদের জন্য উচ্চ রিফ্রেশ রেটের মনিটর এনে দিতে পারে অনেক বেশি মসৃণ অভিজ্ঞতা।
শুধু যন্ত্র নয়, চাই সচেতন অভ্যাসও
দামি বা উন্নত প্রযুক্তির মনিটর কিনলেই যে চোখের সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টি এতটা সরল নয়। এর পাশাপাশি জরুরি সঠিক ব্যবহারিক অভ্যাসও—মনিটরের সঙ্গে যথাযথ দূরত্ব বজায় রাখা, পর্দার ওপরের অংশ চোখের সমতলে বা তার সামান্য নিচে রাখা, এবং প্রতি ২০ মিনিট অন্তর অন্তত কয়েক সেকেন্ডের জন্য দূরের কোনো বস্তুর দিকে তাকানোর অভ্যাস গড়ে তোলা। ছোট এই অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে চোখের ক্লান্তি ঠেকিয়ে রাখতে বড় ভূমিকা রাখে।
কম্পিউটার আজ আর কেবল কাজের যন্ত্র নয়, হয়ে উঠেছে দৈনন্দিন জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ। তাই মনিটর বাছাইয়ের সময় দাম বা বাহ্যিক নকশার পাশাপাশি সমান গুরুত্ব দিতে হবে ডিসপ্লের প্রকৃত মান, ব্লু লাইট প্রতিরোধ ব্যবস্থা, ফ্লিকার-ফ্রি প্রযুক্তি, যথাযথ আকার এবং সর্বোপরি সঠিক ব্যবহারের অভ্যাসকে। এই বিষয়গুলো একসঙ্গে মাথায় রাখতে পারলেই দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটিয়েও চোখকে রাখা সম্ভব প্রাণবন্ত ও ক্লান্তিহীন।
মতামত দিন