Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় চোরাই মাল ক্রয়ের অভিযোগে মো. মাহাবুব হাসান (৩৪) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ২২ মে থেকে ১ জুনের মধ্যে সচিবালয়ের পুরাতন ভবন–১, ২ ও ৩-এর ছাদ থেকে বিটিসিএলের জোড়া লাগানো কপার ক্যাবল চুরি হয়। প্রায় ১১০ মিটার দীর্ঘ ওই ক্যাবলের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা।

ঘটনার পর বিটিসিএলের কর্মকর্তা মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় চুরির মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তদন্তে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র ও রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রঞ্জন চুরির কথা স্বীকার করে জানায়, চোরাই ক্যাবল থেকে তামা বের করে তা বিক্রি করা হয়েছে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল সংলগ্ন একটি ভাঙারি দোকানে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মাল ক্রয়ের অভিযোগে মো. মাহাবুব হাসানকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি চোরাই তার ক্রয়ের বিষয়টি স্বীকার করলেও তা কোথায় রাখা হয়েছে—এ বিষয়ে তথ্য দেননি বলে তদন্ত কর্মকর্তারা আদালতকে জানান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ