Views Bangladesh Logo

এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে হেরে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

অনেক আশা থাকলেও, হার দিয়ে এএফসি এশিয়ান কাপ শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চীন ও উত্তর কোরিয়ার পর উজবেকিস্তানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন বড় হারের পর দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কোচ পিটার বাটলার।

পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার আসতে কিছুটা বিলম্ব করেছেন। আসার পর বাংলাদেশের হারের সমালোচনা হওয়ার আগেই ফেডারেশনের নানা সীমাবদ্ধতা ও সংকট সামনে তুলে নিজে বাংলাদেশের দায়িত্ব থাকা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কথা বলেছেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই বাটলার নিজ থেকেই বলেছেন, ‘মেয়েদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং আমি তাদের জন্য গর্বিত। এখন আমি ফিরে যাব এবং ভবিষ্যতে আমি কী করতে চাই, তা নিয়ে কিছুটা ভাবব। আমি ইংল্যান্ড ফিরে যাব এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশ প্রথমবারের মতো এবার এশিয়ান কাপে খেলেছে। আবার এশিয়ান কাপে খেলতে হলে কী করা উচিত এমন প্রশ্নে আবার কোচ নিজের ইংল্যান্ড ফেরার কথা বলেছেন, ‘আমি এখানে থাকছি না। আমি আগামী সপ্তাহে ইংল্যান্ড ফিরে যাচ্ছি এবং সেখানে নিজের ভবিষ্যত নিয়ে ভাবব। আমি কী করতে চাই, সেটা অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরছে।’

এই বছর এশিয়ান গেমস, সাফ ফুটবলসহ আরও গুরুত্বপূর্ণ অনেক টুর্নামেন্ট রয়েছে, এরপরও কোচ পিটার বাটলার কেন ইংল্যান্ড ফিরে যাবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি ইংল্যান্ড ফিরে যাচ্ছি। আমি সেখানে আমার স্ত্রীর সাথে কথা বলব এবং আমার কুকুরকে নিয়ে হাটতে বের হব। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবব। কারণ যেভাবে প্রত্যাশা ছিল, সেভাবে সাহায্য বা সাপোর্ট না পেলে আমি দায়িত্ব চালিয়ে নিতে পারছি না। বাস্তবতা হলো আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল।’

বাটলার বলেন, ‘সবার আগে আমাদের বিনিয়োগ করতে হবে। ভিডিও ইকুইপমেন্ট এবং ক্যামেরা দিয়ে শুরু করতে হবে। আমাদের নিজেদের পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। আপনি যদি বড় দলগুলোর সঙ্গে পাল্লা দিতে চান, তবে বুঝতে হবে যে, সাফ লেভেলের চেয়ে এই লেভেলটা অনেক উপরে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ