গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জ সদরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার সোনাসুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার রূপসা উপজেলার মিজান (২৫) ও এক অজ্ঞাতপরিচয় নারী (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরায় যাওয়ার পথে সোনাসুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হন অন্তত ১০ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পুলিশের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। মারাত্মক আহত পাঁচজনকে সেখানে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে