কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি-বোমা মেরে ২৫ ভরি সোনা লুট, গুলিবিদ্ধ ২
ঢাকার কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী ও তার স্বজনকে গুলি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল সশস্ত্র দুর্বৃত্তের বিরুদ্ধে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন কেরানীগঞ্জের হযরতপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অন্তর সরকার (২৫) এবং তার ফুফাতো ভাই রাজিব সরকার (২০)। তাদের দুজনেরই পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করেন অন্তর সরকার। পরে বাবা মিতাই সরকার ও ফুফাতো ভাই রাজিবকে সঙ্গে নিয়ে সোনা-অলংকার ও নগদ টাকা একটি অটোরিকশায় করে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়ায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তারা।
পথে রাত সাড়ে ৭টার দিকে হযরতপুর এলাকায় পৌঁছালে তাদের অটোরিকশার গতিরোধ করে দুর্বৃত্তরা। স্থানীয়দের ভাষ্য, তিনটি মোটরসাইকেলে থাকা নয়জনের একটি দল এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা আরও কয়েকজন অস্ত্রধারী এতে অংশ নেয়।
অন্তর সরকারের দাবি, দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে তাকে ও রাজিবকে পায়ে গুলি করে। পরে তাদের সঙ্গে থাকা সোনার অলংকারের টিফিনবক্সটি নিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা পাঁচ থেকে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
অন্তর সরকার জানান, ছিনিয়ে নেওয়া টিফিনবক্সে আনুমানিক ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিল। তবে লুট হওয়া স্বর্ণের সঠিক পরিমাণ ও আর্থিক মূল্য যাচাই করা হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বলেন, পায়ে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
মতামত দিন