Views Bangladesh Logo

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতন, শরীরে গরম রডের ছ্যাঁকার দাগ

গাজীপুরের শ্রীপুরে ১০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যবসায়ীকে বাজার থেকে অপহরণ করে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে জেলা শ্রমিক দলের এক নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, গরম লোহার রড দিয়ে তার শরীরে শতাধিক ছ্যাঁকার দাগ দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন।

নির্যাতনের শিকার সজীব মিয়া (৩০) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেপিরবাড়ি দেওচালা গ্রামের কফিল উদ্দিনের ছেলে। অভিযুক্ত শরীফ সরকার (৪৩) উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে এবং জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য।

ভুক্তভোগীর বাবা কফিল উদ্দিন জানান, গত ২১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে এমসি বাজারে তার ছেলের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে শরীফ সরকার ও তার সহযোগীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সজীব চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। পরে জোর করে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে স্বপ্নপুরী হোটেলের পাশের একটি নির্যাতনকেন্দ্রে নিয়ে রাতভর নির্যাতন চালানো হয়।

তিনি আরও জানান, রাত ১২টার দিকে ছেলেকে খুঁজতে বের হলে স্থানীয়রা জানান, শ্রমিক দলের নেতা ও তার লোকজন তাকে তুলে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে স্বপ্নপুরী হোটেলের পেছনে ছেলেকে নির্যাতনের শিকার হতে দেখেন। এ সময় তার ভাতিজা আনিস বাধা দিতে গেলে তাকেও মারধর করে আহত করা হয়।

কফিল উদ্দিনের অভিযোগ, সারা রাত নির্যাতনের পর সকালে সজীবকে আওয়ামী লীগের নেতা এবং একটি হত্যা মামলার আসামি পরিচয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে তার দাবি, সজীব কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তিনি আওয়ামী লীগ-সমর্থক এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পরে পুলিশ পাহারায় সজীবকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তার অবস্থার অবনতি হওয়ায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

অভিযোগের বিষয়ে শ্রমিক দলের নেতা শরীফ সরকার বলেন, সজীব বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলার আসামি। বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাকে মারধরের বিষয়ে আমি কিছু জানি না। আমরা মারধর করিনি, পুলিশ কী করেছে তাও বলতে পারব না।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বলেন, রাতের ডিউটির সময় থানার নির্দেশে এমসি বাজার এলাকা থেকে গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে থানার এসআই মাজাহাদুল ইসলাম জানান, হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সজীবকে আদালতে হাজির করা হয়েছিল। তবে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বিচারক তাকে কারাগারে না পাঠিয়ে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসার নির্দেশ দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ