Views Bangladesh Logo

যশোরে দোকান ভাড়া নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে দোকানের ঘর ভাড়া দেওয়াকে কেন্দ্র করে আনিছুর রহমান (৫৫) নামে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) রাতে নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর স্বত্বাধিকারী ছিলেন। এছাড়া তিনি নওয়াপাড়া বাজারের বহুতল বিপণিবিতান ‘আনিস প্লাজা’রও মালিক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ‘আনিস প্লাজা’র একটি দোকান ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু আনিছুর রহমান তাকে দোকান ভাড়া দিতে অসম্মতি জানান। এই ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাহ মাহামুদ ও তার সহযোগীরা আনিছুর রহমানের বাড়ির সামনে ওত পেতে থাকে। তিনি বাড়ির সামনে পৌঁছানোমাত্রই সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার নওয়াপাড়া নৌ-বন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি। এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ