Views Bangladesh Logo

সিলেটে বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেটে এবার নিজ বাসার সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হতা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

রোববার (২৩ আগষ্ট) দিবাগত মধ্যরাতে সিলেট নগরের উপকন্ঠ শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন (৬৫) শাহপরান ইসলামাবাদ এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায়। চারখাই বাজারে শাহাব উদ্দিনের ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে।

খবর পেয়ে রাতেই সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ থানা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

দুই ছেলে ও দুই মেয়ের জনক শাহাব উদ্দিনের বড় ছেলে ফ্রান্স প্রবাসী।

কারও সঙ্গে পূর্ববিরোধ নেই উল্লেখ করে নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার এক ভাই এসে বলেন, আমার বাবাকে কারা যেনো আটকে রেখেছে। আমি সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তা ফেলে যাওয়া হয়েছে। তার ঘাড়ে তিনটি কুপ দেওয়া হয়েছে। সারা শরীর রক্তে ভিজে গেছে। পরে হাসপাতালে নিয়ে আসি। তবে রাস্তায়ই মারা যান।

সোমবার (২৪ আগষ্ট) শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এর আগে গত ১২ আগষ্ট সকালে সিলেট নগরের রায়নগর এলাকায় নিজের বাসায় স্বপরিবারে এক ব্যবসায়ী স্ত্রী ও গৃহকর্মীসহ খুন হন। এরপর পুলিশ একজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনার নেপথ্যে পুলিশ চুরির দাবি করলেও নিহতের প্রবাসী সন্তানরা খুনের জন্য সম্পত্তি সংক্রান্ত বিরোধ উল্লেখ করে মামলা করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ