Views Bangladesh Logo

বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজধানীর বংশালে একটি ভাড়া বাসা থেকে কাপড় ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম নিসার আলী (৫০)। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছি এলাকায়।

মঙ্গলবার দুপুরে নয়াবাজারের বাগডাসা লেনের ১৬/৩ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা।

বংশাল থানার ওসি এ কে এম মাহফুজুল হক জানান, নিসার আলীর কাছে ব্যবসার কিছু নগদ টাকা ছিল বলে জানা গেছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে নিসার আলী ওই বাসা ভাড়া নেন এবং একাই থাকতেন। মঙ্গলবার দুপুর একটার দিকে বাড়ির মালিক মোহাম্মদ হোসেন বাবু তার ঘরে আলো জ্বলতে দেখে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ ডেকেও সাড়া না পেয়ে দরজার পর্দা সরিয়ে দেখেন পা বাঁধা অবস্থায় কেউ পড়ে আছেন। পরে প্রতিবেশীদের ডেকে ঘরে ঢুকে বিছানার ওপর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

পুলিশের ধারণা, সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার দুপুর একটার মধ্যে কোনো এক সময় হত্যাকাণ্ডটি ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিসার আলী ইসলামপুরে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে মো. ইমরান ঢাকা নিউ মডেল কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি মানিকনগরের কুমিল্লা পট্টি এলাকায় মেসে থাকেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ