ঈদকে সামনে রেখে রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি
ঈদুল আজহাকে সামনে রেখে দেশের শপিংমল ও দোকানপাটের বন্ধের সময় বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। তারা বর্তমান সময়সীমা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম চালু রাখার অনুরোধ জানিয়েছে।
প্রয়োজন হলে শপিংমল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টা করা যেতে পারে বলেও প্রস্তাব দিয়েছে মালিক সমিতি।
শনিবার (২ মে) সংগঠনটির সভাপতি নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক চিঠিতে এই প্রস্তাব দেওয়া হয়, যা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে শপিং মলগুলো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অধিকাংশ ক্রেতা অফিস শেষে সন্ধ্যার পর কেনাকাটা করেন, ফলে আগে দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিক্রি কমে যাচ্ছে।
সংগঠনটির দাবি, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রেডিমেড গার্মেন্টসসহ ছোট দোকানগুলো টিকে থাকার সংকটে পড়েছে বলে তারা উল্লেখ করেছে।
চিঠিতে আরও বলা হয়, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বেকারত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সরকারের ভ্যাট ও ট্যাক্স আদায়ও কমে যেতে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
সংগঠনটি অভিযোগ করে বলেছে, সন্ধ্যার পর কিছু ভ্যানভিত্তিক অননুমোদিত ব্যবসা অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে পরিচালিত হচ্ছে। এতে নিয়মতান্ত্রিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে।
তারা দাবি করেছেন, ব্যবসায়ীরা সব সময় সরকারি আইন ও নীতিমালা মেনে চলতে প্রস্তুত এবং প্রয়োজন হলে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপত্তা ব্যবস্থায় পূর্ণ সহযোগিতা করবে।
চিঠিতে বিকল্প প্রস্তাব হিসেবে বলা হয়েছে, প্রয়োজন হলে শপিংমল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টা করা যেতে পারে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং ব্যবসায়ীরা সন্ধ্যা পর্যন্ত বেশি সময় পেয়ে বিক্রি বাড়াতে পারবেন।
সংগঠনটি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, ঈদকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতা উভয়ের সুবিধা ও দেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় শপিংমল বন্ধের সময় রাত ৯টা পর্যন্ত বাড়ানো হোক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে