এনবিআরের আন্দোলনে উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, “তারা সারাজীবন আমাদের জ্বালিয়েছে, এখন সরকার ও পুরো জাতিকে জ্বালাবে।”
শনিবার (২৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ব্যবসায়ী সংগঠনগুলোর এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে শওকত আজিজ রাসেল বলেন, “প্রকৃতপক্ষে আমরা এনবিআর ও কাস্টমসের সঙ্গে সম্পর্ক রেখে ব্যবসা চালানোর চেষ্টা করি। কারণ বাস্তবতা হলো, আমরা তাদের কাছে জিম্মি।”
তিনি আরও বলেন, “আজ আপনারা যে পরিস্থিতি দেখছেন, এটা কিছুই না। এটা আসলে ক্ষমতা ও টাকা-পয়সার বণ্টন নিয়ে দ্বন্দ্ব। মাঝখানে আমরা ব্যবসায়ীরা বিপদে পড়ছি। তারা তো এতদিন আমাদের জ্বালিয়েছে, এখন গোটা জাতিকে ভুগাবে।”
বিটিএমএ সভাপতি বলেন, “আমরা চাই সবাই সক্রিয় হোক। তারা আমাদেরও একটু গুরুত্ব দিক। আন্দোলন বন্ধ করুক—এটাই আমাদের প্রত্যাশা।”
এনবিআরে চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে ব্যবসায়ীদের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। তিনি বলেন, “এনবিআরের আওতাধীন দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতির কারণে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত কার্যক্রমের কারণে আমদানি করা কাঁচামাল যথাসময়ে খালাস করা যাচ্ছে না।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাসেম খান, এমসিসিআইয়ের সভাপতি কামরান তানভীর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিসিএমইএর সভাপতি মঈনুল ইসলাম, বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, বিটিএমএর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, এমসিসিআইয়ের সহসভাপতি সিমিন রহমান প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে