Views Bangladesh Logo

বাস সংকটে টাঙ্গাইল মহাসড়কে মানুষের দুর্ভোগ, গুনতে হচ্ছে বেশি ভাড়া

ঈদের আগের দিনও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক ধরে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। তবে স্বাভাবিকের তুলনায় বাস কম থাকায় দেখা দিয়েছে তীব্র সংকট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক যাত্রী বাস পাচ্ছেন না।

শুক্রবার সরেজমিনে মহাসড়কের রাবনা ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে দেখা যায়, কেউ একা আবার কেউ পরিবার নিয়ে দাঁড়িয়ে আছেন বাড়ি ফেরার আশায়। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন।

বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে গন্তব্যে রওনা হচ্ছেন।

যাত্রীদের অভিযোগ, এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। নীলফামারীর ডিমলাগামী যাত্রী মিজানুর রহমান বলেন, তিনি টাঙ্গাইলে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। আগের দুদিন মহাসড়কে যানজট বেশি থাকায় ভোগান্তির কথা শুনে ঈদের আগের দিন রওনা হন। কিন্তু দেড় ঘণ্টা অপেক্ষা করেও কোনো বাস পাননি।

বগুড়াগামী আক্কাস আলী বলেন, একটি বাস পেলেও তাতে দাঁড়িয়ে যেতে হবে এবং ভাড়াও চাওয়া হয়েছে দ্বিগুণ। তিনি বলেন, স্বাভাবিক সময়ে ৪০০ থেকে ৫০০ টাকায় বাড়ি যেতে পারলেও আজ ৮০০ টাকা দাবি করছে।

রংপুরগামী হাসনা বেগম বলেন, বাস না থাকায় তিনি পিকআপ ভ্যানে করে রওনা হয়েছি। সকালে রোদে দাঁড়িয়ে ছিলাম, এখন আবার বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে ভিজতে হবে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের কষ্টের শেষ নেই।

অন্যদিকে, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. শরিফ জানান, মহাসড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম রয়েছে। তার দাবি, ঈদের আগের দিন উত্তরাঞ্চলের মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ