Views Bangladesh Logo

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

মানিকগঞ্জ সদর উপজেলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহিদ মালেক স্বপনের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া নিউ মডেল উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি ভূঁইয়া পরিবহনের বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসটি পার্ক করা ছিল। রাতের কোনো একসময় হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ঢাকায় চলাচল করত। তবে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের জন্য তিন দিন আগে মালিক সেটি বিদ্যালয়সংলগ্ন ওই স্থানে রেখে যান। আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বাসটিতে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখছে পুলিশ।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজিব বিশ্বাস জানান, রাত সোয়া ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বাসটির প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ