Views Bangladesh Logo

বরিশালের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

হাফ ভাড়া নিয়ে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বরিশালের রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা। এতে বরিশালের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫টি রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে রূপাতলী বাস টার্মিনালে শুরু হয় বাস শ্রমিকদের কর্মবিরতি। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ধর্মঘট শুরু হওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রুটগুলো হলো: বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালি, বাউফল, দশমিনা, পটুয়াখালি, আমতলী ও কুয়াকাটা।

এ বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, বিভিন্ন সময় বাস ভাড়া নিয়ে সমস্যা হওয়াসহ নানান কারণে শ্রমিকদের মারধরসহ বাস ভাঙচুর করা হয়। এরফলে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই তারা কাজে যোগ না দেয়ায় বরিশালের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিক ইউনিয়নের অন্য নেতারা জানিয়েছেন, শ্রমিকদের বিভিন্ন সময়েই লাঞ্চিতের অভিযোগ তুলে যান ও মালের নিরাপত্তা চেয়ে তারা আন্দোলনে নেমেছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, এক নারী শিক্ষার্থীকে লাঞ্চিত করেছে বাসের হেলপার ও চালক। এ বিষয়ে শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি টিম বরিশাল রূপাতলী বাস মালিক সমিতিতে গেলে সেখানে তাদের উপরে হামলা করা হয়। যার প্রেক্ষিতে তারা দোষীদের বিচার ও হামলাকারীদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়াসহ বেশ কিছু দাবি জানিয়ে রূপাতলী গোল চত্বরে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে।

অপরদিকে বাস শ্রমিকরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। পরে তারা তৌহিদ পরিবহনের একটি বাস ভাঙচুর করে এবং শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ