Views Bangladesh Logo

মৌলভীবাজারে বাসে হামলার ঘটনায় হবিগঞ্জে বাস চলাচল বন্ধ

হবিগঞ্জে অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মোটরমালিক গ্রুপ। মঙ্গলবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সংগঠনটি জানিয়েছে, মৌলভীবাজারে বাসে ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

মোটরমালিক গ্রুপের দাবি, গত ১০ মে মৌলভীবাজার মোটরমালিক গ্রুপের সঙ্গে বিরতিহীন ‘এক্সপ্রেস’ বাস চলাচলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর এবং শ্রমিকদের ওপর আক্রমণের ঘটনা ঘটে।

৫২ বছর ধরে হবিগঞ্জ–সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বাস চলাচল করে আসছে বলে জানিয়েছে সংগঠনটি।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে বিকল্প যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়, কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

হবিগঞ্জ মোটরমালিক গ্রুপের সদস্যসচিব আবু মঈন চৌধুরী সোহেল বলেন, মৌলভীবাজারের ওপর দিয়ে বিরতিহীন বাস চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে প্রশাসন বিকাল ৫টা পর্যন্ত সময় নিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হতে পারে।

এ ঘটনায় দুই জেলার পরিবহন শ্রমিক ও মালিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনার উদ্যোগ নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ