Views Bangladesh Logo

২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল শুরু

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রায় ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে রাজশাহী থেকে দেশের সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে সোমবার রাত ৮টা থেকে রাজশাহীর সঙ্গে সব রুটের বাস চলাচল আকস্মিক বন্ধ হয়ে যায়।

জানা গেছে, মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে শ্রমিকদের দুই পক্ষের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফলপ্রসূ সমঝোতা হওয়ায় বাস চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা।

সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে; যেখানে শ্রমিকদের উভয় পক্ষের তিনজন করে মোট ছয়জন এবং প্রশাসনের তিনজন প্রতিনিধি থাকবেন। এছাড়া সাধারণ শ্রমিকদের আপত্তির মুখে নির্বাচনী কমিটিতে সাবেক নির্বাচন কমিশনার নজরুল ইসলামকে (হেলাল) না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মূলত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্বিমত তৈরি হওয়ায় এই ধর্মঘটের সূত্রপাত হয়। এ বিষয়ে সোমবার বিকেলে শ্রমিক নেতারা জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে অধিকাংশ শ্রমিক নেতা সাধারণ সভা ডেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান। কিন্তু বর্তমান কার্যনির্বাহী কমিটি না থাকায় জেলা প্রশাসক সেই দাবি নাকচ করেন এবং নিজেই একটি নির্বাচনী কমিটি গঠন করে দেওয়ার প্রস্তাব দেন। জেলা প্রশাসকের এই প্রস্তাবের বিরোধিতা করেন শ্রমিকদের একাংশ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে রাতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আমি নিজেই একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শ্রমিকদের একাংশ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বাস চলাচল বন্ধ করে দেয়। এরপরও প্রশাসন আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যায়।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ