৪৮ ঘণ্টা পর নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু
বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার জেরে টানা দুই দিন বন্ধ থাকার পর নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা পুলিশ ও শ্রমিক নেতাদের মধ্যে দফায় দফায় আলোচনার পর পুলিশের আশ্বাসে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাস চলাচল শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে বাস শ্রমিকদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিত মারধর করেন অটোরিকশা চালকরা।
এ ঘটনায় গুরুতর আহত বাসচালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সহকর্মী লাঞ্ছনার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে গত রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকেরা। এতে গত দুই দিন জেলাজুড়ে অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ থাকলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এমন অবস্থায় সোমবারে দিনভর শ্রমিক নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে পুলিশ প্রশাসন।
বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সোমবার কয়েক দফা আলোচনার পর শ্রমিক নেতারা পুলিশের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করেছেন।
মতামত দিন