চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল পুনরায় শুরু
চাঁপাইনবাবগঞ্জে চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের বিরোধে একদিন বন্ধ থাকার পর শনিবার (২৫ এপ্রিল) থেকে দূরপাল্লাসহ সব ধরনের বাস চলাচল শুরু হয়েছে।
শনিবার সকালে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বিষয়টি নিশ্চিত করেন
এর আগে শুক্রবার জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন টোল আদায়ের অভিযোগ তুলে কর্মবিরতির ঘোষণা দিলে পরিবহন ধর্মঘট শুরু হয়। এতে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম ভোগান্তি সৃষ্টি হয়।
দুই শ্রমিক সংগঠন—ট্রাক শ্রমিক ইউনিয়ন ও মোটর শ্রমিক ইউনিয়ন—দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে অবৈধ টোল আদায়ের অভিযোগ করে আসছে। সাম্প্রতিক সময়ে এ বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
একপক্ষের দাবি, টার্মিনালের বাইরে সড়কে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে। অন্যপক্ষের দাবি, নিয়ম মেনেই শুধুমাত্র বাস থেকে ফি আদায় করা হয় এবং প্রতিপক্ষ গোষ্ঠীও একই ধরনের অনিয়মে জড়িত।
পুলিশ দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। পরে সাবেক এমপি লতিফুর রহমানের মধ্যস্থতায় রাতের এক বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিরা আলোচনায় বসেন।
পরবর্তীতে জনস্বার্থ বিবেচনায় উভয় পক্ষ ধর্মঘট প্রত্যাহারে সম্মত হয় এবং টোল আদায়ের বিরোধ নিষ্পত্তির জন্য দ্বিতীয় দফা আলোচনার সিদ্ধান্ত নেয়।
এর ফলে শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের বাস টার্মিনালগুলো আবার খুলে যায় এবং ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে