Views Bangladesh Logo

টেকনাফ–কক্সবাজার মহাসড়কে দিনদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের টেকনাফ–কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। একই ঘটনায় বিকাশের তিন বিক্রয় প্রতিনিধির (এসআর) বহন করা প্রায় ৬০ লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে লুট হওয়া টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করতে পারেনি।

রোববার (২ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া ১৪ নম্বর সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাস দমদমিয়া ১৪ নম্বর সেতু এলাকায় পৌঁছালে পাহাড় থেকে নেমে আসা একদল মুখোশধারী সশস্ত্র ব্যক্তি সড়কের ওপর পেরেক লাগানো একটি গাছ ফেলে বাসটির গতিরোধ করে। পরে তারা অস্ত্রের মুখে বাসে উঠে যাত্রীদের জিম্মি করে ডাকাতি চালায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাসটিতে বিকাশের তিনজন বিক্রয় প্রতিনিধি ছিলেন। তাঁরা টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে টাকা উত্তোলন করে হ্নীলা ও হোয়াইক্যং এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় ডাকাতরা তাঁদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। স্থানীয় সূত্রের দাবি, ওই ব্যাগে প্রায় ৬০ লাখ টাকা ছিল। ডাকাতদের হামলায় মো. আরমান (২৪) গুলিবিদ্ধ হন।

এ ছাড়া সাকিব (২১) ও একরাম (২২) আহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। পরে আশপাশের পাহাড়ি এলাকায় যৌথ তল্লাশি চালানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ