Views Bangladesh Logo

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল থেকে চালানো উদ্ধার অভিযানের পর বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে বাসটি নদী থেকে তুলে ফেরির ওপর আনা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করা সম্ভব হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে দুর্ঘটনাটি ঘটে। এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিঘাট এলাকায় চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।

তবে দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দৌলতদিয়া টার্মিনাল কার্যালয়ের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ফেরিঘাট এলাকায় বাসটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

উল্লেখ্য, একই ঘাটে গত মার্চ মাসে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ২৬ জনের মৃত্যু হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনায় যাত্রীরা আগে থেকেই বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ